রাজ্যে বর্ষা আসতে আর চার দিনের অপেক্ষা, জানিয়েছে মৌসম ভবন ৷ বৃহস্পতিবার কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের মধ্যে দিয়ে দেশে বর্ষা প্রবেশ করেছে ৷ আগামী সাত দিন কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে ৷ এর সঙ্গে আগামী ৪-৫ দিন উত্তর-পূর্ব ভারতেও একই অবস্থা থাকবে বলে জানানো হয়েছে ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ৪ জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরল, মাহে ও লাক্ষাদ্বীপের সম্পূর্ণ অংশে প্রবেশ করেছে ৷ পাশাপাশি কর্ণাটক, তামিলনাড়ু, আরব সাগর এবং বঙ্গোপসাগরের আরও বিস্তীর্ণ এলাকায় বর্ষার অগ্রগতি হয়েছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু গোয়ার পুরো অংশে পৌঁছে যাবে ৷ পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের আরও কিছু এলাকায় বর্ষার বিস্তার ঘটবে ৷ তামিলনাড়ুর বাকি অংশেও বর্ষার আওতায় আসতে পারে ৷ এছাড়া বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব অংশে মৌসুমী বায়ুর অগ্রগতি অব্যাহত থাকবে ৷ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও আগামী কয়েক দিনের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সাধারণত 1 জুন কেরলে বর্ষা প্রবেশ করে ৷ এবছর খানিক দেরিতে 4 জুন প্রবেশ করেছে ৷ দেশের অর্থনীতির জন্য মৌসুমী বায়ুর আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ, সিংহভাগ কৃষিকাজ হয় বর্ষার জলে ৷ জলসঙ্কট মোকাবিলাতেও বর্ষার জলের উপর নির্ভর করে মানুষ । এবার বর্ষার মরশুমে গড় বৃষ্টিপাত ৯০ শতাংশ অর্থাৎ স্বাভাবিকের থেকে কম হবে, পূর্বাভাসে জানিয়েছে দফতর ৷ জুন মাসে সারা দেশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দীর্ঘকালীন গড় বৃষ্টির মান ৯২ শতাংশের থেকে কম হবে বলে জানিয়েছেন তিনি ৷ বর্ষায় দীর্ঘকালীন বৃষ্টির মান (LPA) ৯০ শতাংশের থেকে কম হলে আবহাওয়া দফতর তাকে ‘deficient’ বা ‘ঘাটতি’ বলে ৷