বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বড় দুর্ঘটনা ৷ গলিত ইস্পাত এবং তরল ধাতু তোলার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আট শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর ৷ গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক ৷ স্টিল প্ল্যান্টে এমন দুর্ঘটনয় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন। জানা গিয়েছে, প্ল্যান্টের এসএমএস-2 (SMS-2) এবং এসটিসি-3 (STC-3) হিট এফজি (Heat FG) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তোলার সময় আচমকাই গলিত ইস্পাত শ্রমিকদের উপর পড়ে যায়। জানা গিয়েছে, প্রায় 1500 ডিগ্রি তাপমাত্রার গলিত ইস্পাত বহনকারী পাত্রটি (ল্যাডল) নড়াচড়া করার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় আট জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গলিত ইস্পাত পড়ার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। স্টিল প্ল্যান্টের দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি সমস্ত বিভাগকে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্টিল প্ল্যান্টের আধিকারিকরা চন্দ্রবাবুকে বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন বলে জানা গিয়েছে।

