পাহাড়ের সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক কাজকর্মের গতি বাড়াতে এবার সরাসরি নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর । রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই উত্তরবঙ্গের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি । সেই ধারাবাহিকতায় ১৬ জুন মঙ্গলবার মুখ্যমন্ত্রী কার্শিয়াং সফরে আসছেন । তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিকমহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে । প্রশাসনিক সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ কার্শিয়াংয়ের গোথেল মেমোরিয়াল স্কুলে মুখ্যমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে । সেখানে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি । অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের কার্ড এমন একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর । এই সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । কার্শিয়াংয়ে আয়োজিত এই বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ এবং পাহাড়ের তিন বিজেপি বিধায়কের উপস্থিত থাকার কথা রয়েছে । তবে পাহাড়ের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ দুই মুখ, গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি এই বৈঠকে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি । বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সফর ও বৈঠকের বিষয়ে তাঁদের অবগত করা হয়েছে, তবে বৈঠকের বিস্তারিত রূপরেখা বা অংশগ্রহণকারীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয় ।