রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ‘স্বচ্ছতা’ রক্ষায় বিশেষ জোর দিয়েছে বর্তমান সরকার। সেই ধারা বজায় রেখে বুধবার সাতসকালে গঙ্গার ঘাট পরিষ্কার রাখতে খোদ সাফাই অভিযানে শামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন সকালে তিনি কলকাতার বাগবাজার মায়ের ঘাট (Bagbazar Ghat) পরিদর্শনে যান। সেখানে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়ার পাশাপাশি নিজের হাতে ঝাঁটা নিয়ে সাফাই অভিযানে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচির। পাঁচ দিনব্যাপী এই মেগা অভিযানের আজ, ১৭ জুন ছিল গঙ্গা পরিষ্কারের দিন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন সকালে বাগবাজার ঘাটে পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এই অভিযানে অংশ নেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় সহ অন্যান্যরা।