পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার সোমবার রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। এর ফলে লক্ষ লক্ষ কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন ও পেনশনে বড়সড় বৃদ্ধি হবে। ১৮ শতাংশের উপর ২০ শতাংশ বাড়তি ডিএ দিয়ে মোট ৩৮ শতাংশ মহার্ঘভাতা মিলবে। সোমবার বাজেট পেশ করে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পুজোর আগে থেকেই তা লাগু হবে, তাও জানিয়েছেন অর্থমন্ত্রী। ১ অক্টোবর, ২০২৬ থেকে এই ডিএ-র অর্থ মিলবে। এর আগে তৃণমূল সরকার থাকাকালীন সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে বিস্তর টানাপোড়েন হয়েছে। কেন্দ্রে সমতুল হারে ডিএ দিতে অস্বীকার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তা নিয়ে আইনি লড়াইও কম হয়নি। অবশেষে সরকার বদলে দাবিপূরণের রাস্তা পেলেন সরকারি কর্মীরা। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। রাজ্য বাজেটের নতুন ঘোষণায় এখানকার কর্মীদের সঙ্গে মহার্ঘভাতার ফারাক কমে গেল বিরাট হারে। মহার্ঘভাতা মৌলিক অধিকার কি না, তা নিয়ে এতদিন বহু তর্ক-বিতর্ক হয়েছিল। সরকারি কর্মীদের লাগাতার আন্দোলনের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধাপে ধাপে বাড়িয়ে ১৮ শতাংশ ডিএ ঘোষণা করেছিল। তখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এই ফারাক ছিল ৪২ শতাংশ। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সেই ফারাক অনেকটা পূরণ করে দেওয়া হল। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ঘোষণা, আগে ১৮ শতাংশ ডিএ-র উপর অতিরিক্ত ২০ শতাংশ মিলবে। মোট ৩৮ শতাংশ মহার্ঘভাতা পাবেন সরকারি কর্মীরা। তা লাগু হবে পুজোর আগেই – ১ অক্টোবর থেকে। অর্থাৎ বাড়তি ডিএ-র অর্থ হাতে পাওয়া যাবে নভেম্বর থেকে। তবে সরকারি কর্মীদের জন্য ঘোষিত মহার্ঘভাতা প্রাপ্তির বেশ কয়েকটা বিভাগ রয়েছে। এর আওতায় পড়বেন পেনশনভোগীরাও। কিন্তু তাঁরা কত হারে এবং কবে থেকে বকেয়া ডিএ পাবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এনিয়ে খুব স্পষ্ট করে কোনও ঘোষণা করেননি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সামগ্রিকভাবে কেন্দ্রীয় হারের কাছাকাছি ডিএ ঘোষণায় খুশি সরকারি কর্মীরা।যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের প্রতিক্রিয়া, ‘‘আমাদের অনেকদিন ধরে দাবি ছিল, আজকের ঘোষণায় আমরা খুশি।” এনিয়ে বাজেটের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আপনারা ডিএ-র জন্য আন্দোলন করেছেন, আমিও তার একটা অংশ ছিলাম। আপনাদের তো আগের সরকার অনেক অপমান করেছে। ৩ থেকে ৪ শতাংশ ডিএ বাড়াতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের ‘ঘেউঘেউ’ বলেছেন। আমরা কিন্তু সেই ডিএ অনেকটা বাড়িয়ে দিলাম। এখন কেন্দ্রের সঙ্গে আপনাদের ফারাক আর বেশি থাকবে না। পুজোর মাসেই অ্যাডভান্স পেয়ে যাবেন।”