মহরমের শোভাযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হাটনারা গ্রামে ৷ বৃহস্পতিবার রাতে তাজিয়া নিয়ে মিছিল বেরিয়েছিল ৷ সেটিই একটি হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন জনের ৷ 10 জনেরও বেশি গুরুতর আহত ৷ জানা গিয়েছে, ঘটনাটি রাত প্রায় 11টা নাগাদ ঘটে ৷ তাজিয়াটি হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই কাঠামোয় থাকা লোহার রডগুলির মধ্যে দিয়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে ৷ যার ফলে ওই তাজিয়া বহনকারী সকলেই ছিটকে পড়ে যান। বৈদ্যুতিক স্ফুলিঙ্গের কারণে বহু মানুষ দগ্ধ হয়েছেন ৷ এই ঘটনায় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনাও ঘটে। জানা গিয়েছে, ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় ৷ আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। 10 জনেরও বেশি আহতকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ এবং অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ জানা গিয়েছে, মহরম উৎসবের আগের দিন গ্রামটিতে তাজিয়া নিয়ে একটি মিছিল চলছিল। ওই সময়েই এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী শাকির শাহ বলেন, “রাত 11টার দিকে তাজিয়ার মিছিল চলছিল। মিছিলটি দেখার জন্য 150 থেকে 200 জন লোক জড়ো হয়েছিল এলাকায়। মিছিলটি গ্রামের মেওয়াতি মহল্লা থেকে এগিয়ে যাওয়ার সময়, 15 ফুটেরও কম উচ্চতায় থাকা একটি তাজিয়া একটি হাই-টেনশন লাইনের তার স্পর্শ করে। বিদ্যুৎ তাজিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে ৷ যারা তাজিয়া নিয়ে চলছিল তারা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ বিকট শব্দে বিস্ফোরণও হয় ৷ কী ঘটছে তা কেউই বুঝতে পারছিল না। 15 জনেরও বেশি মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন, যাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর ছিল।” প্রত্যক্ষদর্শীরা জানান, সকলকেই বেসরকারি গাড়িতে করে রতলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পিপলোদা থানার পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার ঘটনাস্থলে পৌঁছন। অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার বলেন, “তাজিয়া মিছিল চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতনারা গ্রামের বাসিন্দা ওয়াহিদ খানের ছেলে 32 বছর বয়সি রশিদ খান এবং মহম্মদ হুসেনের ছেলে 40 বছর বয়সি সাদ্দুর মৃত্যু হয়েছে। প্রায় 10 জন আহত হয়েছেন ৷ তাঁরা মেডিক্যাল কলেজ ও অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।” এদিকে, মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্র সোলাঙ্কি বলেন, “পথে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত আরবাজ খানের পরিবার তাঁকে মেডিক্যাল কলেজ থেকে ফিরিয়ে অন্য একটি হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেক্ষেত্রেও ওই রোগীর মৃত্যু হয়েছে।”

