banganews.net

সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা নিট-ইউজি’র পর ফের প্রশ্নপত্র ফাঁস ! আগামিকাল, রবিবার মহারাষ্ট্রে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই সন্দেহে শেষ মুহূর্তে তা বাতিল ঘোষণা করেছে সরকার ৷ এই আবহে বিজেপি শাসিত রাজ্যের সরকারকে ‘পেপার লিক গভর্নমেন্ট’ বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস ৷ সরকারি সূত্রে খবর, এই পরীক্ষার আগে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে তল্লাশি চালিয়ে কয়েকজনের কাছ থেকে কিছু প্রশ্নপত্র পাওয়া গিয়েছে, যার সঙ্গে পরীক্ষার প্রকৃত প্রশ্নপত্রের মিল রয়েছে ৷ ভিওয়ান্ডি থানার পুলিশ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ (এমএসসিই) একটি বিবৃতিতে জানিয়েছে, তারা সম্পূর্ণ স্বচ্ছ পরীক্ষা করাতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ বিবৃতিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ জানিয়েছে, “পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং গভীরে গিয়ে তদন্তের প্রয়োজনীয়তার জন্য 28 জুন নির্ধারিত পরীক্ষা বাতিল করা হচ্ছে ৷”

শনিবার টেট পরীক্ষা বাতিল হওয়া নিয়ে রাজ্যের পরীক্ষা পর্ষদের ডেপুটি কমিশনার প্রিয়া শিন্ডে বলেন, “আগামিকাল অর্থাৎ 28 জুন টেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ কিন্তু থানে-তে যে ঘটনাটি ঘটেছে, তারপর আমরা পরীক্ষা বাতিল ঘোষণা করেছি ৷” তিনি আরও বলেন, “মহারাষ্ট্রে 1 হাজার 728টি পরীক্ষা কেন্দ্র রয়েছে ৷ 6 লক্ষ 125 জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল ৷” কিন্তু প্রশ্নপত্র ফাঁস নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ আধিকারিক শুধু জানান, তদন্ত চলছে এবং ওয়েবসাইটে সব তথ্য দেওয়া হয়েছে ৷ প্রিয়া আশ্বস্ত করেছেন, “আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ ফের নাম নথিভুক্ত করার কোনও প্রয়োজন নেই ৷” থানে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসে ৷ ভিওয়ান্ডি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, কয়েকজন ব্যক্তিবিশেষের কাছে পরীক্ষার প্রশ্নপত্র আছে ৷ থানের জেলা প্রশাসন জানিয়েছে, “সন্দেহজনক এলাকাগুলিতে সঙ্গে সঙ্গে তল্লাশি চালানো হয় ৷ বাজেয়াপ্ত হওয়া নথিগুলি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদের প্রবীণ আধিকারিকদের অবিলম্বে তলব করা হয় ৷ খুব ভালো করে খতিয়ে দেখে, এই সিদ্ধান্তে উপনীত হই যে, 2026 সালের জুন মাসের টেট পরীক্ষার জন্য প্রশ্নপত্রের যে খসড়া তৈরি করা হয়েছে, তার সঙ্গে এই প্রশ্নপত্রের মিল রয়েছে ৷”