আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শনিবার ট্রাম্পের ভারত সফর প্রসঙ্গে সোজাসাপটা জানালেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। জানা গিয়েছে, আগামী বছরের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের দিকে নজর রেখে কাজ করছে মার্কিন প্রশাসন ৷ ওয়াশিংটনে রুবিও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্টের সফরের প্রস্তুতির জন্য বছর শেষের আগেই ভারত সফরে আসবেন ৷ তিনি বলেন, “আগামী বছরের প্রথম দিকে প্রেসিডেন্টের ভারত সফর সেট করার জন্য আমি চলতি বছর শেষের আগেই ভারতে যাব ৷” আগামী বছর ট্রাম্পের সফর হতে পারে কি না, জানতে চাইলে রুবিও উত্তর দেন, “আমরা তেমনই আশা করছি। আগামী বছরের শুরুর দিকে প্রেসিডেন্টের সফরের জন্যই আমরা কাজ করছি।” 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটি হবে ট্রাম্পের প্রথম ভারত সফর ৷ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শেষবার ভারত সফর করেছিলেন 2020 সালের ফেব্রুয়ারিতে ৷ তিনি এবং প্রধানমন্ত্রী মোদি নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনার আগে আমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ সমাবেশেও ভাষণ দিয়েছিলেন। এদিন ভারতকে আমেরিকার ঘনিষ্ঠ অংশীদারদের মধ্যে একটি হিসাবে বর্ণনা করে রুবিও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার এবং বন্ধু দেশ ভারত ৷ প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে, যা আমি মনে করি কূটনীতিতে সত্যিই গুরুত্বপূর্ণ।”