জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। কম্পনের প্রভাব পড়ল কাশ্মীর থেকে শুরু করে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। রাজধানী দিল্লির অভিজাত এলাকা থেকে শুরু করে অন্যত্র বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন । জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাতটা বেজে চার মিনিটে আফগানিস্তানের উত্তর পূর্বের জুর্ম এলাকা প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পানের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটি থেকে ২১৫ কিলোমিটার গভীরে। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কম্পন অনুভূত হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের জেরে কাশ্মীর থেকে শুরু করে দিল্লি -বিভিন্ন জায়গায় বাসিন্দারা আতঙ্কিত। ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানতে প্রশাসনিক স্তরে খোঁজ-খবর শুরু হয়েছে। প্রত্যন্ত এলাকার সঙ্গে সমন্বয় সাধনের কাজও চলছে । জম্মু ও কাশ্মীর এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা। সেখানে কম্পন অনুভূত হতেই বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সকলে নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক সেদিক ছুটতে থাকেন । ইমতিয়াজ নামে ব্যক্তি জানিয়েছেন, কম্পনের সময় তিনি চেয়ারে বসেছিলেন। চেয়ারটির দুলতে শুরু করায় দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। বাকিরাও তখন ছুটোছুটি করছেন। খানিক পরে কম্পন থামে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । রাত পর্যন্ত অনেকেই রাস্তায় ছিলেন আফটার শকের ভয়ে । তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও থেকেই আফটার শকের কোনও খবর পাওয়া যায়নি ।