সম্প্রতি বিশ্ব যোগদিবসে পশ্চিমবঙ্গ ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক পক্ষকাল কাটতে না-কাটতেই আবারও রাজ্যে আসছেন তিনি ৷ এবার অবশ্য তিনি একা নন, সঙ্গে আসার সম্ভাবনা কেন্দ্রীয় মন্ত্রিসভার একঝাঁক সদস্য এবং একাধিক রাজ্যের রাজ্যপালের ৷ আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের সম্ভাবনার কথা বিজেপি সূত্রেই জানা গিয়েছে ৷
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সূচি
রাজ্যে ক্ষমতায় এসেই হুগলি জেলার বলাগড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি সংস্কার ও ওই বাড়িকে সংগ্রহশালা হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার ৷ এর জন্য রাজ্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছে ৷ আগামী 6 জুলাই সেই বাড়িতেই শ্যামাপ্রসাদের 125 ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি স্থাপনের কথা রয়েছে ৷ সূত্রে খবর, আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্য সরকারের তরফে তিনটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রথম অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে শ্যামাপ্রসাদের জন্মভিটে, 77 নম্বর আশুতোষ মুখোপাধ্যায় রোডে ৷ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকার কথা একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও কয়েকজন রাজ্যপালের ৷ প্রথম অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদের মূর্তি প্রতিষ্ঠার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন ৷ আপাতত রাজারহাট এলাকায় দ্বিতীয় অনুষ্ঠানটির আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে ৷ সেখান থেকে তাঁর যাওয়ার কথা ভিক্টোরিয়ায় ৷ সেখানে তাঁর উপস্থিতিতে আরও একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ৷ প্রতিটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রীসভার একাধিক সদস্য ৷

