বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তোলপাড় ৷ আর এই আবহে মঙ্গলবার দুপুরে বারুইপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আর তার আগে এদিন সকালেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে পৌঁছে গিয়েছে বিজেপির প্রতিনিধি দল ।
বিজেপির তিন সদস্যদের প্রতিনিধি দল বারুইপুরে
বিজেপির ওই প্রতিনিধি দলে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি নেত্রী কেয়া ঘোষ । তাঁরা নির্যাতিতার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন । পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিও জানান তাঁরা । পরিবারের সঙ্গে সাক্ষাতের পর লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “পরিবর্তনের বাংলায় আমরা চাই, এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যেকেই শাস্তি পাক । চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে । নির্যাতিতার পরিবার সরকারের ভূমিকায় সন্তুষ্ট বলেই আমাদের জানিয়েছেন ।” অগ্নিমিত্রা পাল বলেন, “আগের সরকার এমন ঘটনার পর পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করত না । কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বারবার নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন । ঘটনার 24 ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে । গোটা গ্রাম সরকারের উপর আস্থা রাখছে । আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসিনি, পরিবারের পাশে দাঁড়াতে এবং তাঁদের সাহস জোগাতেই এসেছি ।”তিনি আরও বলেন, আমাদের সরকার ওই পরিবারের পাশে রয়েছে ৷ সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি শুধু এই ঘটনা নয়, মহিলাদের উপর অত্যাচারের যা যা ঘটনা ঘটবে তাতে দৃষ্টান্তমূলক শাস্তি হবে ৷ সে একজন করুক বা পাঁচজন ৷ যদি দেখা যায় পুলিশ প্রশাসনও ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে ৷ মহিলার উপর অত্যাচার হয়েছে, মা হিসাবে তার পাশে দাঁড়াতে এসেছি ৷ সমাজ দেখবে এই সরকারের আমলে যদি অত্যাচার হয়, সে আট হোক বা আশি বছর কীভাবে শাস্তি দেওয়া হবে তাদের ৷”

