দীর্ঘ টানাপোড়েনের অবসান। অবশেষে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ (। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং লটারি প্রাপকের টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে পুলিশ তাঁকে পাকড়াও করে। রাজ্যে পালাবদলের পরই প্রভাবশালী এই নেতার গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই পানিহাটি এলাকায় তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন তীর্থঙ্কর। অভিযোগ, ওই সময় এলাকায় ব্যাপক ভোট-পরবর্তী হিংসা ছড়ানো এবং বিরোধীদের ওপর চড়াও হওয়ার নেপথ্যে সক্রিয় ভূমিকা ছিল তাঁর। এখানেই শেষ নয়, সম্প্রতি এক লটারি বিজয়ীর কোটি টাকার টিকিট ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগীকে মারধরের অভিযোগও রয়েছে। এরপর থেকেই তীর্থঙ্কর এলাকাছাড়া ছিলেন। তাঁকে ধরতে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের সাহায্য নেয় বলে জানা গিয়েছে।

