সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা । দক্ষিণ সিকিমের নামচি জেলার অন্তর্গত তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের সমরডুং টানেল বা সুড়ঙ্গে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ ও তার জেরে নেমে আসা ধসে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা । ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের । পাশাপাশি সুড়ঙ্গের মুখ সম্পূর্ণ বুজে গিয়ে ভেতরে আটকে পড়েছেন অন্তত 27 জন ৷ প্রশাসনের একটি অংশ মনে করছে এই সংখ্যাটা আরও বেশি । এই 27 জনের মধ্যে 19 জন নির্মাণ শ্রমিক, 2 জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসির 6 আধিকারিক ছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সুড়ঙ্গের ভিতরে তীব্র বিষাক্ত গ্যাসের উপস্থিতি, অক্সিজেনের মারাত্মক ঘাটতি এবং ঘোর অন্ধকারের কারণে উদ্ধারকাজ চালাতে চরম হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে । রাত পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে । ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে । সোমবার বিকেল নাগাদ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এনএইচপিসির ওই নির্মাণাধীন প্রকল্প এলাকা ।

