পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন মদন মিত্রের পুত্র শুভরূপ মিত্র। বুধবার সকালে হাতে একটি ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় তাঁকে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কোনও জবাব দেননি তিনি। প্রসঙ্গত, পুরনিয়োগ মামলার তদন্তে মদনের দুই পুত্র শুভরূপ ও স্বরূপ এবং স্ত্রী অর্চনা মিত্রকে আলাদা আলাদা দিনে তলব করেছে ইডি। আগামী ২৯ জুলাই এই মামলার সূত্রেই তলব করা হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনকে। ইডির দাবি, নগদ অর্থ কিংবা সোনাদানার বিনিময়ে টিটাগড়় পুরসভায় চাকরি পেয়েছিলেন অন্তত ১২৫ জন। এই সূত্রেই মদনের নাম উঠে আসে। গত ১৩ জুন তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। মদনকে জিজ্ঞাসাবাদও করা হয়। তার পরেই তাঁর দুই পুত্র এবং স্ত্রীকে তলব করে ইডি। ইডি সূত্রে খবর, পুরসভায় নিয়োগের বিনিময়ে কোনও অবৈধ লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই মদনের দুই পুত্র এবং স্ত্রীকে ব্যাঙ্কের নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তাঁর বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। গত সপ্তাহে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করার পরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করেন মদন। তার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন তিনি। মদনকে আগামী ২৯ জুলাই বেলা ১১টায় তলব করেছে ইডি। এই প্রসঙ্গে মদন বলেন, “যদি আমায় ডাকে আমি কোনও ডেট, অসুখ, জ্বর…কোনও বাহানা দেব না। আমি সমস্ত রকম ভাবে ইডিকে সহযোগিতা করব। স্ত্রী, পুত্রেরাও যাবেন। প্রত্যেকে সহযোগিতা করবেন। কেন্দ্রীয় সরকারের এজেন্সি আমাকে ডাকলে আমরা ফুল সাপোর্ট দেব।” পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। সুজিত এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা করেছে তদন্তকারী সংস্থা।