বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক এফআইআর দায়ের হয়েছে ৷ সুরক্ষা কবচের দাবি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি ফের পিছিয়ে গেল । তবে সব মামলা একত্রিত করে সার্বিকভাবে অভিষেককে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া যাবে না, বলেই মন্তব্য করেন বিচারপতি ৷ কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মামলার নথি ক্ষতিয়ে দেখার জন্য সময় চাওয়ায় শুনানি আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত পিছিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করলে তিনি সঙ্গে সঙ্গে আদালতকে জানাতে পারবেন বলে আজ, বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ এদিন শুনানির শুরুতেই রাজ্যের পক্ষ থেকে এই মামলায় সময় চাওয়া হয়। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, “তাহলে আপাতত সুরক্ষাকবচ দেওয়া হোক।” বিচারপতি ভট্টাচার্য বলেন, “কিন্তু মোট ৫টি এফআইআর নিয়ে মামলা করা হয়েছে ৷ একসঙ্গে সব মামলায় রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। প্রতিটি ভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। একসঙ্গে সব মামলাজুড়ে রক্ষাকবচ চাইছেন কীভাবে ? এটা সম্ভব নয়।” আইনজীবী সিব্বল বলেন, “সামগ্রিক সুরক্ষা দেওয়ার প্রয়োজন নেই । কিন্তু আলাদা আলাদা করে শুনে সুরক্ষা দেওয়ার প্রয়োজন আছে । আজই শোনা হোক মামলা ।”অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু এই মামলায় তাঁর বক্তব্য জানাতে সময় চান ৷ কারণ তিনি এখনও মামলার নথি দেখার সময় পাননি ৷ বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানান, আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার হবে শুনানি ৷ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ করলে তিনি সঙ্গে সঙ্গে আদালতকে জানাতে পারবেন ৷ উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে পালাবদলের পর বিভিন্ন থানায় অযৌক্তিক অভিযোগ দায়ের হচ্ছে তাঁর বিরুদ্ধে ৷ পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর বক্তব্য, “গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই 4-5 বছর আগের কোনও ঘটনায় তাঁকে বা তাঁর আপ্ত সহায়ককে জড়িয়ে রাজ্যের বিভিন্ন থানায় এফআইআর দায়ের হচ্ছে ৷ পুলিশ সেই সমস্ত অভিযোগ খতিয়ে না-দেখেই এফআইআর দায়ের করছে ৷ একজন বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে এফয়াইয়ার হচ্ছে । রাজ্যের কোন থানায় এই মুহূর্তে কত অভিযোগ রয়েছে তা জানানোর আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি, পুলিশের এই অতি সক্রিয়তা অবিলম্বে বন্ধ করতেও আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

