ঘূর্ণাবর্তের হাত ধরে বঙ্গোপসাগরে এখন নিম্নচাপের ভ্রুকুটি । আগামী ৩ দিন রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ।গত কয়েকদিন ধরেই আকাশ সকাল থেকে মেঘে ঢাকা । কড়া রোদের দেখা কার্যত নেই বললেই চলে । দফায় দফায় কখনও ঝিরঝিরে বৃষ্টি বা আবার কখনও হালকা অথবা মাঝারি বৃষ্টি হয়ে চলেছে । তার জেরে গরম সেভাবে অনুভূত হচ্ছে না । সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

ঘূর্ণাবর্তের বর্তমান অবস্থান

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে । পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-তিন দিন ওই নিম্নচাপটি একই জায়গায় অবস্থান করবে ৷ শক্তিও বাড়তে পারে আরও। ফলস্বরূপ আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের (7-20 সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গ– আজ রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামিকাল সোমবারও আবহাওয়া একইরকম থাকবে । পরশু মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে ।

উত্তরবঙ্গ-

উত্তরবঙ্গের ছবিটা নতুন সপ্তাহে বদলে যাবে । বৃষ্টি বাড়বে মূলত উপরের পাঁচটি জেলায় । বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামিকাল সোমবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে । মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এদিন ।