নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-যুবদের প্রতিবাদ মিছিলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ও আপত্তিজনক পোস্টার প্রদর্শনের অভিযোগ টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী ৷ বিজেপি নেত্রী কেয়া ঘোষ কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানা এবং রাজ্যের একাধিক জেলায় অভিনেত্রীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ জমা পড়েছে ৷ বিজেপি শিবিরের পক্ষ থেকে শ্রীলেখা মিত্রকে দ্রুত গ্রেফতারের জোরালো দাবি জানানো হয়েছে ৷ কলকাতার রাজপথে আয়োজিত প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় ৷ যেখানে সাধারণ ছাত্রছাত্রী ও যুব সংগঠনে সামিল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ সেই মিছিল চলাকালীন অভিনেত্রীর হাতে প্রধানমন্ত্রীর একটি বিকৃত ছবি সম্বলিত পোস্টার দেখা যায় বলে অভিযোগ ৷
সেই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে ৷ আনন্দপুর থানায় এফআইআর দায়ের করার পর বিজেপি-র মুখপাত্র কেয়া ঘোষ বলেন, “রাজনীতি বা মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে এবং নাগরিক হিসেবে প্রতিবাদের অধিকারও সবার রয়েছে ৷ কিন্তু, দেশের প্রধানমন্ত্রীর মতো একটি সাংবিধানিক পদকে জনসমক্ষে কুরুচিকরভাবে অবমাননা করার অধিকার কারোর নেই ৷”

