শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে পড়ুয়াদের আন্দোলন রুখতে পুলিশ পেলেট গান ব্যবহার করে ৷ এতে একজন অন্ধ হয়ে যেতে পারেন বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন তিনি ৷ রাহুল জানতে চেয়েছেন, “তরুণ, তরুণীদের বিরুদ্ধে পেলেট গান-সহ ‘প্রাণঘাতী বলপ্রয়োগের’ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ই অনুমোদন করেছিলেন কি না ।” প্রবল ছাত্র আন্দোলনের মুখে পড়ে অবশেষে শনিবার ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর ইস্তফায় যন্তর মন্তরে উৎসবে মেতেছেন পড়ুয়ারা। তার আগে (20 জুলাই) যন্তর-মন্তরে পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভে কেন পুলিশের লাঠিচার্জ (Lathicharge) আর কাঁদানে গ্যাস? কেনই বা ব্যবহার করা হল পেলেট গান? ছাত্র-ছাত্রীদের উপর এই পুলিশি হামলার জবাব চেয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন রাহুল ৷ লিখেছেন, “যে কোনও গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আন্দোলনকারীদের সুরক্ষা দেওয়া ও আলোচনার মাধ্যমে তাদের অভিযোগের সমাধান করা সরকারের দায়িত্ব।” 25 জুলাই লেখা চিঠিতে রাহুলের অভিযোগ, সরকার পড়ুয়াদের কথা শোনার বদলে তাঁদের উপর পাশবিক বলপ্রয়োগ করেছে । কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল আরও বলেন, “গত 20 তারিখ দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার ঘটনার জবাবদিহি দাবি করছি। আমাদের পড়ুয়ারা সুষ্ঠু শিক্ষাব্যবস্থার দাবি জানাচ্ছিল । তাদের কথা শোনার পরিবর্তে নিরাপত্তা বাহিনী নির্বিচারে বলপ্রয়োগ করে ৷ যার মধ্যে প্রাণঘাতী অস্ত্র ও কাঁদানে গ্যাসের ব্যবহারও ছিল ৷”

রাহুলের চিঠিতে আরও উল্লেখ রয়েছে, “সবচেয়ে উদ্বেগজনক বিষয়, প্রাণঘাতী পেলেট গানের ব্যবহার। শত শত পড়ুয়া গুরুতর আহত হয়েছে এবং নারী শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে ৷ এমনকী ইচ্ছাকৃতভাবে মহিলা আন্দোলনকারীদের মারধর এবং তাদের গোপনাঙ্গ লক্ষ্য করে আঘাত করা হয়েছে। এ ধরনের নৃশংস ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ দেশের ভবিষ্যৎ তরুণ ও শিক্ষার্থীরা এর জবাব ও দায়বদ্ধতা দাবি করছে । তাঁদের কণ্ঠস্বর অবশ্যই শোনা হবে।” কংগ্রেস নেতার কথায়, “সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে সাংবাদিকও রয়েছেন ৷ আমি বছর উনিশের পড়ুয়া সাহিল লোচাবের সঙ্গে দেখা করেছি ৷ সে পেলেট গানের আঘাতে তীব্র যন্ত্রণা ভোগ করছে ৷ এমনকী তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। দিল্লিতে মোতায়েন করা নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত আপনার (অমিত শাহ’র) কাছেই দায়বদ্ধ। তাই আমি জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান-সহ প্রাণঘাতী বলপ্রয়োগের বিষয়টি অনুমোদন করেছিলেন? যদি না-করে থাকেন, তবে কে এর অনুমোদন দিয়েছিল ?” রাহুল গান্ধির এই বিস্ফোরক চিঠির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও জবাব দেয়নি।