banganews.net

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলা থেকে একটি বাস দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গান্দেরবালের গুন্ড এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে একটি বাস খাদে পড়ে যায় ৷ এই ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে । তীর্থযাত্রীরা অমরনাথ দর্শন সেরে ফিরছিলেন। তবে, একটি বিপজ্জনক রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও এই দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। জানা গিয়েছে, গান্দেরবালে একটি বিপজ্জনক রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে বেশ কিছুটা নিচে একটি বাড়ির ছাদের উপর পড়ে যায় ৷ একজন ঊর্ধ্বতন পুলিশকর্তা জানিয়েছেন যে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, আইটিবিপি, সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি উদ্ধার অভিযান শুরু করে এবং সকল আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি আরও জানান যে, বেশিরভাগ মানুষ সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।