মুখের কথায় আর সীমাবদ্ধ রইল না বিষয়টি ৷ টলিউডের পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের সঙ্গে বৈঠকের 24 ঘণ্টার মধ্যেই সরকারি সিলমোহর পড়ল ৷ রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক করে বুধবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর ৷ নবান্নের এই পদক্ষেপে বাংলা ছবির প্রদর্শনী নিয়ে দীর্ঘদিনের জট কাটবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ মঙ্গলবার টলিউডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রাইম টাইমে বাংলা ছবিকে জায়গা দিতেই হবে ৷ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর বুধবার তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডঃ সৌমিত্র মোহন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেন ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিলম্বে এই নিয়ম কার্যকর হচ্ছে ৷ নবান্নের জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 9টার মধ্যে অন্তত একটি বাংলা সিনেমা দেখাতে হবে ৷ তবে হল মালিকদের ব্যবসায়িক ও পরিচালনগত সুবিধার কথাও মাথায় রাখা হয়েছে ৷ ওই ছ’ঘণ্টা সময়সীমার মধ্যে নিজেদের সুবিধা মতো যে কোনও একটি শো বেছে নিতে পারবেন হল মালিক ও প্রদর্শকরা ৷ সরকারি নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে । বলা হয়েছে, এই নিয়ম না মানলে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে । আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা পুরোপুরি বাতিলও করা হতে পারে । জেলাগুলিতে এই নিয়ম মানা হচ্ছে কি না, তা নজরদারি করবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা । কলকাতা পুলিশ এলাকার প্রেক্ষাগৃহগুলির ক্ষেত্রে এই দায়িত্ব সামলাবেন কলকাতার পুলিশ কমিশনার । বাংলা ছবির সামগ্রিক উন্নয়ন ও প্রদর্শনী সংক্রান্ত সমস্যা মেটাতে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে রাজ্য সরকার ৷ কমিটিতে রাখা হয়েছে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৷ এছাড়াও টলিউডের প্রতিনিধি হিসেবে চার বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ এবং হিরণ্ময় চট্টোপাধ্যায় কমিটিতে রয়েছেন ৷ কমিটিতে পরিচালক, প্রযোজক, প্রদর্শক এবং পরিবেশক—এই চারটি ক্ষেত্র থেকেই দু’জন করে প্রতিনিধি থাকবেন ৷ পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতা পুরনিগমের একজন প্রতিনিধিকে নেওয়া হবে । প্রয়োজনে চলচ্চিত্র জগতের বিশেষ আমন্ত্রিতদেরও এই আলোচনায় সামিল করা যাবে ৷ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ৷ নবগঠিত এই কমিটির কাজের পরিধিও নির্দিষ্ট করে দিয়েছে নবান্ন । বাংলা ছবির প্রদর্শনী নিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলবে কমিটি । হল মালিক ও প্রদর্শকদের ব্যবসায়িক ও পরিচালনগত সমস্যাগুলি খতিয়ে দেখা হবে । রাজ্যের সর্বত্র বাংলা ছবির সহজলভ্যতা ও বণ্টন ব্যবস্থা উন্নত করার উপায় খুঁজবে তারা। বাংলা সিনেমার জন্য একটি সুস্থ ও দীর্ঘমেয়াদি পরিবেশ তৈরির সুপারিশও করবে এই কমিটি । আগামী 31 ডিসেম্বরের মধ্যে তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নের



Leave a Reply