দিল্লির যন্তর মন্তরে NEET কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের সময়ে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর পেলেট গান ব্যবহারের অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকারকে শীর্ষ আদালতের নির্দেশ, ‘RAF-এর গোলাবারুদ ও অস্ত্র ব্যবহারের সমস্ত রেকর্ড সংরক্ষণ করতে হবে।’ একইসঙ্গে কেন্দ্রকে নোটিস জারি করে জবাবও তলব করেছে আদালত। পেলেট গান ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার। এ দিন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। আবেদনকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন আইপিএস আধিকারিক যশোবর্ধন আজাদ এবং যন্তর মন্তরের বিক্ষোভে আহত দুই আন্দোলনকারী। তাঁদের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষার নামে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ধাতব পেলেট গান ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।

  • যন্তর মন্তরের NEET আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগে শুনানি
  • কেন্দ্র সরকারকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট
  • RAF-এর অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের রেকর্ড সংরক্ষণের নির্দেশ
  • ‘ব্যতিক্রমী পরিস্থিতিতে’ পেলেট গান ব্যবহারের সম্ভাবনার কথা বলল আদালত
  • সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পেলেট গান নিষিদ্ধের দাবি আবেদনকারীদের
  • পরবর্তী শুনানিতে কেন্দ্রকে বিস্তারিত জবাব দিতে হবে

কী বলল সুপ্রিম কোর্ট?

শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, পেলেট গান সম্পূর্ণ নিষিদ্ধ করা যায় কি না, তা এখনই বলা সম্ভব নয়। আদালতের মতে, অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন অস্ত্র ব্যবহার করতে পারে। তবে কোনও নির্দিষ্ট ঘটনায় তা আদৌ প্রয়োজন ছিল কি না, সেটি আদালত খতিয়ে দেখবে। আদালতের পর্যবেক্ষণ, কোনও সাধারণ প্রতিবাদে যখন দুষ্কৃতীরা ঢুকে পড়ে এবং হিংসা ছড়ায়, তখন লাঠিচার্জ কিংবা টিয়ার গ্যাস প্রয়োগ করেও ভিড় সামলানো যায় না। সেই সময়ে পুলিশ গুলি (bullets) চালানোর ক্ষমতাও রাখে। সেই ক্ষেত্রে পেলেট গান পুরোপুরি নিষিদ্ধ করা যুক্তিযুক্ত নয়। এই কারণেই কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, যন্তর মন্তরের বিক্ষোভে RAF যে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে, তার অ্যামিউনিশন লগ, অস্ত্র ব্যবহারের নথি এবং সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে আদালত তা পরীক্ষা করতে পারে।এ ছাড়া বিক্ষোভের সময়ে পেলেট বা ছররা গুলিতে আহত হওয়া আন্দোলনকারীদের অবিলম্বে উপযুক্ত ও বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।