স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য আয়োজিত ‘ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট’ (NEET) পর্যালোচনা করতে 12 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে । মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে এই কথা জানানো হয়েছে ৷ আদালতে কেন্দ্রর তরফে আরও জানানো হয় যে আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে ৷

উল্লেখ্য, NEET-PG 2025 পরীক্ষার জন্য যোগ্যতার ন্যূনতম কাট-অফ পার্সেন্টাইল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ চলতি বছরের 13 জানুয়ারি এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় এনবিইএমএস-এর তরফে ৷ ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নিট-পিজির 2025-26-এর তৃতীয় দফার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ণায়ক কাট-অফ পার্সেন্টাইল কমিয়ে আনা হয় । এনবিইএমএস-এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ৷

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি ৷ আবেদনকারী হরিশরণ দেবগণ ও অন্যদের পক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী পিঙ্কি আনন্দ ও আইনজীবী সত্যম সিং ।

ঐশ্বর্য ভাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর একটি নির্দেশের কপি আদালতে পেশ করেন ৷ ওই আদেশ অনুযায়ী, ডিজিএইচএস-এর লাভনীশ জি কৃষ্ণার সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (এমই) ড. প্রবীণকুমার দাসকে এর সদস্য-সচিব করা হয়েছে ।

এই কমিটিতে স্বাস্থ্য মন্ত্রকের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি), ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস (এনবিই)-র প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির কাজ কী, সেটাও ওই নির্দেশে বলা হয়েছে৷ ওই নির্দেশিকা অনুযায়ী, NEET পরীক্ষার মাধ্যমে পরিচালিত বর্তমান ভর্তি প্রক্রিয়ার সামগ্রিক অডিট করার একটি পদ্ধতি বের করবে কমিটি ৷ এর জন্য সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে তারা কথা বলবে৷ বর্তমান ব্যবস্থায় থাকা ত্রুটি ও ঘাটতিগুলো চিহ্নিত করবে কমিটি এবং সেগুলোর জন্য বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য সমাধান খুঁজে বের করাও হবে কমিটির কাজ ।

আদালতে ঐশ্বর্য ভাটি আরও জানান, সংশ্লিষ্ট সবপক্ষের কাছ থেকে মতামত বা পরামর্শ নেওয়ার পর রিপোর্ট জমা দিতে কমিটির আট সপ্তাহ সময় প্রয়োজন হবে । আদালত কেন্দ্রকে সেই সময় মঞ্জুর করেছে ৷