banganews.net

নির্মাণ চলাকালীন সুড়ঙ্গে ধস নেমে মৃত্যু হল 9 শ্রমিকের ৷ ঘটনায় আহত 14 জন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটি এলাকার একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন সুড়ঙ্গে ৷ এই ঘটনায় চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, সুড়ঙ্গ থেকে মোট 23 জনকে বের করে আনা হয়েছিল; তাঁদের মধ্যে নয়জনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত 14 জন নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, উদ্ধারকাজ এখনও চলছে, তাই সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিপলকোটি এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন (টিএইচডিসি) লিমিটেড-এর প্রকল্পস্থলে এই দুর্ঘটনাটি ঘটেছে । হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি (এইচসিসি) এই নির্মাণকাজ পরিচালনা করছে । উত্তরাখণ্ডের মুখ্যসচিব আনন্দ বর্ধন আগেই জানিয়েছিলেন, পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে জল ঢুকে ধস নামায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং অন্যান্য সংস্থা । উদ্ধারকাজে যোগ দিতে রুদ্রপ্রয়াগ থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দল পিপলকোটির পথে রওনা হয় । ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং সেনাবাহিনীর দলও মোতায়েন করা হয় । জেলাশাসক (ডিএম) গৌরব কুমার ঘটনাস্থলে পৌঁছে পুরো কার্যক্রম তদারকি করেন বলে আধিকারিকরা জানিয়েছেন ।