মঙ্গলবার ভোররাতে দাউদাউ করে জ্বলতে থাকে কলকাতা বিমানবন্দরের এটিসি ভবন ৷ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের তিনটি ইঞ্জিন । দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে । যার ফলে এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর । বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হল এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) বিল্ডিং ৷ মঙ্গলবার ভোর 4টে নাগাদ ওই এটিসি বিল্ডিংয়ের তিনতলায় আগুন লেগে যায় । সেখান থেকে হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান কর্তব্যরত কর্মীরা । চোখের নিমেষে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং তিনতলার একাংশ দাউদাউ করে জ্বলতে শুরু করে । মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ । পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরে থাকা দমকল বাহিনীকে । প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে । আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও দু’টি ইঞ্জিন আনা হয় । এরপর দমকলের মোট তিনটি ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় প্রায় 30 মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । দমকল ও বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, 15 অগস্ট 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি বিল্ডিংয়ে বিশেষ টুনি লাইট দিয়ে আলোকসজ্জা করা হয়েছিল ৷ সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে কোনওভাবে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে । তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তা খতিয়ে দেখা হচ্ছে । বিমানবন্দর সূত্রে খবর, এই এটিসি বিল্ডিংয়ের আটতলা থেকেই বিমানবন্দর ও আকাশসীমার যাবতীয় বিমান চলাচল নিয়ন্ত্রিত হয় । রানওয়েতে বিমানের ওঠানামা থেকে শুরু করে গন্তব্যে পৌঁছনো পর্যন্ত বিমানের উচ্চতা, পথ নির্দেশিকা নির্ধারণ এবং পাইলটদের প্রয়োজনীয় বার্তা পাঠানোর কাজ করেন এটিসি আধিকারিকরা । ফলে এই ভবনে আগুন লাগার ঘটনায় এদিন ভোরে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয় । তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে । বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বর্তমানে বিমানবন্দরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷ অগ্নিকাণ্ডের ফলে বিমান ওঠা-নামায় কোনও প্রভাব পড়েনি ৷ সময়মতো ছাড়ছে বিমানগুলি ৷

