banganews.net

 শিক্ষিকার মারে মৃত্যু হল এলকেজির ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের একটি বেসরকারি স্কুলে ৷ সম্পূর্ণ ভিডিয়োটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল বছর ছ’য়ের পড়ুয়া প্রণয় তেজা ৷ সকাল থেকে সব ঠিকই ছিল ৷ ক্লাস শুরু হওয়ার পর শিক্ষিকা সব পড়ুয়াকে হোমওয়ার্ক দেখাতে বলেন ৷ কোনও কারণবশত প্রণয় সেদিন হোমওয়ার্ক করে আনেনি ৷ শিক্ষিকা বিষয়টি জানার পরই বকাঝকা করেন ও গালে চড় মারেন এলকেজির ওই খুদে পড়ুয়াকে ৷ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর সে জ্ঞান হারিয়ে পড়ে যায় শিক্ষিকার গায়ে ৷ তারপর আর শিক্ষিকা তাকে দাঁড় করাতে পারেননি ৷ পরে প্রণয়কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । ময়নাতদন্তের জন্য তার দেহ কেজিএইচ (KGH)-এ নিয়ে যাওয়া হয় । ওয়ান টাউন এলাকার স্কুলের এই ঘটনায় প্রণয়ের বাবা-মা ও আত্মীয়স্বজন ক্ষোভপ্রকাশ করেছেন । তাঁদের অভিযোগ, হোমওয়ার্ক না করার কারণে শিক্ষিকা মারধর করায় সে মারা গিয়েছে । তাঁরা কেজিএইচ-এর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন । জানান, ছাত্রটিকে মারধরের সিসিটিভি ফুটেজে রয়েছে । তাঁরা ওই শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান । পাশাপাশি, বেসরকারি স্কুলগুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি তদারকি করার দাবিতেও তাঁরা আন্দোলন শুরু করেন । প্রণয়ের মা জানান, সকালে ও স্বাভাবিকভাবেই স্কুলে গিয়েছিল । কিন্তু ক্লাসে শিক্ষিকা মারধর করায় ছেলের মৃত্যু হয় ৷