banganews.net

বিধ্বংসী হড়পা বানে মৃত্যু মিছিল ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে ৷ এরই মধ্যে উদ্বেগে রয়েছেন নেপালে যাওয়া ভারতীয় নাগরিকদের পরিবার ৷ শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানিয়েছেন, নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বানে ৩২০ জন ভারতীয় নিখোঁজ ৷ অন্যদিকে ৪০০ জন ভারতীয় চিনের সীমান্তে আটকে রয়েছেন ৷ উদ্ধারকার্যে প্রতিবেশী দেশকে সবদিক দিয়ে সাহায্য করতে তৈরি নয়াদিল্লি, জানান তিনি ৷ বহু ভারতীয় কৈলাস মানস সরোবরে তীর্থ করতে নেপালের মধ্য দিয়ে তিব্বত যাচ্ছিলেন ৷ তাঁদের অনেকে এই ধসের কবলে পড়েছেন ৷ এদিন মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, “৯৬ জন ভারতীয় চিন থেকে সড়কপথে নেপালে প্রবেশ করেছেন ৷ যে এলাকার কথা বলা হচ্ছে, সেটা খুব ছোটখাটো কিছু নয় ৷ একটা বিশালাকার অঞ্চল ৷ সেখানেও ভূমি ধস হয়েছে ৷ তাই মানুষ যে দিক দিয়ে পারছেন এলাকা ছেড়ে বেরিয়ে আসছেন ৷ ৯৬ জন চিন থেকে নেপালে প্রবেশ করতে পেরেছেন ৷” এরই সঙ্গে শুক্রবার দুপুরে বিপর্যস্ত নেপাল থেকে ২১ জন ভারতীয় নয়াদিল্লি পৌঁছেছেন ৷ তাঁরা সবাই তামিলনাড়ুর বাসিন্দা ৷ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিজে নয়াদিল্লিতে বিমানবন্দরে তাঁদের স্বাগত জানিয়েছেন ৷