নেপালে ভয়াবহ হড়পা বানে উদ্ধারকাজ সপ্তম দিনে পড়ল ৷ বুধবার শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ১২৫২ ছাড়িয়েছে ৷ ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে করা হয়েছে আরও বহু মৃতদেহ উদ্ধার দুর্যোগের পর ৮ দিন পেরিয়ে গেলেও এখনও সাড়ে চার হাজারের বেশি মানুষ নিখোঁজ থাকায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসে বরফ ও পাথরের বিশাল স্তূপ নিচে নেমে আসে। এর ফলে সৃষ্ট জল, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল দিয়ে বয়ে যাওয়ার সময় শহর ও গ্রামগুলিকে নিশ্চিহ্ন করে দেয় ৷ গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ব্যাপক ক্ষতি করে এবং বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র ভাসিয়ে নিয়ে যায়। এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে ৷ তবে থেমে থেমে বৃষ্টি, নদীর জল বাড়ছে এবং রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছাতে উদ্ধারকারী দলগুলিকে হিমশিম খেতে হচ্ছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালকে মানবিক সহায়তা করা অব্যাহত রেখেছে ভারত। তিনি বলেন, “বুধবার সকালে ভারতের পঞ্চম বিমানটি নেপালে অবতরণ করে ৷ এতে বিশেষ সরঞ্জামসহ 11 সদস্যের একটি উদ্ধারকারী দল এবং 5.5 টন অত্যাবশ্যকীয় ওষুধ ছিল। রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপাল সরকারকে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।”

