ছ’বার ব্যর্থতার জেরে যে রকেটের নাম দেওয়া হয়েছিল ‘নটি বয়’ বা দুষ্ট ছেলে (Naughty Boy Rocket ISRO ), অবশেষে সেই বদনাম ঘুচিয়ে মহাকাশ গবেষণায় আরও এক ঐতিহাসিক সাফল্য উপহার দিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো (ISRO)। শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় GSLV-F17 রকেট। আর এই রকেটের মাধ্যমেই দেশের প্রথম জিওসিনক্রোনাস আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা EOS-05-কে নির্দিষ্ট কক্ষপথে নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে। এই সাফল্যের পরই ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার ভারতীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে সফলভাবে মহাশূন্যের উদ্দেশ্যে পাড়ি দেয় GSLV সিরিজের ১৯তম এই উড়ান। রকেটটি প্রথমে সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট বা Sub-GTO-তে উপগ্রহটিকে স্থাপন করে। পরবর্তীতে প্রয়োজনীয় কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে EOS-05-কে তার নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, উপগ্রহটি কক্ষপথে পৌঁছনোর পর সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, জিওসিনক্রোনাস কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বহনকারী এই রকেটের সফল উৎক্ষেপণ দেশের মহাকাশ ক্ষেত্রের উৎকর্ষ ও ক্রমবর্ধমান সক্ষমতারই প্রতিফলন।

