বিজেপি সাংসদ দীনেশ শর্মাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । শনিবার গভীর রাতে রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷ রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই দীনেশ শর্মার এই নিয়োগ কার্যকর হবে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতের রাষ্ট্রপতি ড. দীনেশ শর্মাকে তাঁর দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করতে পেরে আনন্দিত ।” রাষ্ট্রপতি মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীনেশ শর্মা বলেন যে, তিনি পূর্ণ নিষ্ঠা, সততা ও একাগ্রতার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন । বিজেপি সাংসদ তাঁর ‘এক্স’হ্যান্ডেলে লিখেছেন, “মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বকে আমার আন্তরিক ধন্যবাদ । এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমি আমার সমস্ত শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তি, শুভানুধ্যায়ী, বন্ধু এবং সহনাগরিকদের প্রতি অন্তরের গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা তাঁদের শুভেচ্ছা ও আশীর্বাদ দিয়ে আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছেন । এটি আমার কাছে কেবল একটি পদ নয়, বরং সংবিধান, দেশ এবং জনসেবার প্রতি এক গভীর দায়িত্ব । আমি পূর্ণ নিষ্ঠা, সততা ও একাগ্রতার সঙ্গে এই দায়িত্ব পালনের অঙ্গীকার করছি । আপনাদের স্নেহ, বিশ্বাস ও আশীর্বাদ যেন সর্বদা এভাবেই আমার সঙ্গে থাকে ।” 62 বছর বয়সি দীনেশ শর্মা এর আগে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার আগে লখনউয়ের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন । পরবর্তীকালে তিনি রাজ্যসভার সাংসদ হন । উত্তরপ্রদেশ থেকে 2023 সালের রাজ্যসভা উপনির্বাচনে দীনেশ শর্মাকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল । তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ হন । তাঁর রাজ্যসভার মেয়াদ 25 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল । এছাড়া তিনি রাজ্যসভার ভাইস-চেয়ারপার্সনদের প্যানেলেও ছিলেন । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয় এবং লেফটেন্যান্ট গভর্নর তার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ।

