ভাদোদরায় 35 হাজার কোটি টাকার বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডর’ (WDFC) তৈরির কাজ শেষ হয়েছে বলেও জানালেন তিনি ৷ 2,800 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই ফ্রেইট করিডর রেলপথে পণ্য পরিবহণ ব্যবস্থাকে আরও জোরদার করবে বলে উল্লেখ করেন মোদি ৷ সেই সঙ্গে সময় ও লজিস্টিকস খরচ কমাতেও সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷ গুজরাতের ভাদোদরায় আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ (NaMo for Viksit Bharat) অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, “ডেডিকেটেড ফ্রেইট করিডোর-এর কাজ সম্পন্ন হওয়া একটি ঐতিহাসিক মাইলফলক এবং এটি গত 12 বছরে দেশের কর্মসংস্কৃতিতে যে পরিবর্তন এসেছে, তারই প্রতিফলন ৷” তিনি বলেন, “উন্নয়নের এই উৎসবে, নিঃস্বার্থ সেবার মনোভাব নিয়ে আপনারা সমগ্র বরোদা শহরজুড়ে ‘স্বচ্ছতা সে স্বাগত’ (পরিচ্ছন্নতার মাধ্যমে অভ্যর্থনা) অভিযান পরিচালনা করেছেন, তার জন্য আমি ভাদোদরার প্রতিটি নাগরিককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি ৷ এই বছর লালকেল্লা থেকে আমি ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে ‘সপ্তধারা’ বা সাতটি সংকল্পের আহ্বান জানিয়েছিলাম ৷ এই সাতটি ধারার মধ্যে একটি হল ‘গতি শক্তি’…৷” তিনি আরও বলেন, “‘বিকশিত ভারত’-এর জন্য আমাদের এমন যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, যা কেবল সুবিধাজনকই নয়, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো যথেষ্ট দ্রুত হবে ৷ ভাদোদরা হল সেই ‘গতি শক্তি বিশ্ববিদ্যালয়’-এর কেন্দ্রস্থল ৷ 2,800 কিলোমিটারেরও বেশি দীর্ঘ ‘ডেডিকেটেড ফ্রেইট করিডর’ প্রকল্পটির কাজ আজ শেষ হয়েছে ৷ একবিংশ শতাব্দীর ভারতের জন্য সত্যিই এক ঐতিহাসিক মাইলফলক এটি ৷”
2014 সালের আগে বিভিন্ন কারণে ফ্রেইট করিডরের কাজে বিলম্ব হওয়া নিয়ে তৎকালীন সরকারের সমালোচনা করে মোদি বলেন, “ফ্রেইট করিডর প্রকল্পটির পরিকল্পনা 2004 সালেই করা হয়েছিল ৷ কিন্তু 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত এতে খুব একটা অগ্রগতি হয়নি ৷” তিনি আরও উল্লেখ করেন যে, “2006 সালে এই প্রকল্পের জন্য একটি বিশেষ কোম্পানি গঠন করা হলেও, 2014 সাল পর্যন্ত নথিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরপাক খেয়েছে ৷” বিকশিত ভারত গড়তে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও সক্রিয় করে তুলতে হবে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, “এই ফ্রেইট করিডরটি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নতিতে এবং শিল্পকেন্দ্র ও বন্দরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও জোরদার করবে ৷” তাঁর নেতৃত্ব এনডিএ সরকারের সাফল্যের কথা উল্লেখ করে মোদি বলেন, “2014 সাল থেকে ভারত প্রায় 50 হাজার আধুনিক রেল কোচ তৈরি করেছে ৷”

