banganews.net

ভেজাল খাবারে কড়া রাজ্য। বুধবার আরও ২৫ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল রাজ্যের। গতকাল ৪০-এর পর এদিন ফের ২৫ রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স বাতিল করেছে কলকাতা পুরসভা। একাধিক হোটেল রেস্তোরাঁয় নোটিস দেওয়া হয়েছে। একাধিক নামী হোটেল-রেস্তোরাঁ বন্ধ। রেস্তোরাঁর পরিচ্ছন্নতা নিয়েও উঠছে প্রশ্ন। রেস্তোরাঁর পাশাপাশি আবাসিক হোটেল বন্ধের তালিকাও বাড়ছে। পুরসভার পরীক্ষায় পাশ যৎসামান্য। এ পর্যন্ত ১০০০ প্রতিষ্ঠান পরিদর্শন করেছে কলকাতা পৌরসভা। এর মধ্যে ৯৫৮টি প্রতিষ্ঠান পরীক্ষায় ফেল। পাশ করেছে মাত্র ৪২ টি। ফ্রিস্কুল স্ট্রিট-এর অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এই ভিজিট শুরু হয়। কলকাতা পৌরসভা এলাকায় প্রায় সাড়ে তিন হাজার মতো আবাসিক হোটেল রয়েছে। পরপর সবগুলোই পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে। মঙ্গলবারই একাধিক রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়। বহু রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে পচা খাবার। কলকাতায় ৪০ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করে কলকাতা পুরসভা। পুরসভার অভিযানে সামনে এসেছে একাধিক বেনিয়ম, জানান পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে। পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডের দাবি, ‘ফুড সেফটি সপ্তাহ পালন করলাম। ফুড ইন্ডাস্ট্রিকে আরও দায়িত্বশীল হতে হবে। ৫৯২ জায়গায় গেছি মঙ্গলবার। ১২২৪ কেজির জিনিস নষ্ট করা হয়েছে, আই ওপেনিং অভিজ্ঞতা। ৪০ টা সাসপেনসন হয়েছে। সাসপেন্ড হয়েছে কম্পলাই করলে আমরা দেখব। হাইজিন প্রাথমিক বিষয়, এইগুলো আগে মানতে হবে।’ পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে আরও বলেন, ‘সাসপেনসনের দিকে আগে যাওয়া হত না, এখন আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি। পুজো আসছে পরিচ্ছন্ন ভাবে আরও ভালো পরিষেবা দিন, আমরা মনে করছি আরও সতর্ক হবে। বড়সড় মিষ্টির দোকান হাইজিন মেনটেন করত না। ফ্রিজের মধ্যে আরশোলা পাওয়া গিয়েছে।’