মামার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হল 14 বছরের কিশোরী । অভিযোগ, দুই যুবক তাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করে । ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়ায় । ঘটনার পরই অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা । হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী হাবড়া পুরসভা এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল । শনিবার সন্ধ্যায় এক কিশোরী তাকে পাড়ার এক পরিচিত যুবকের বাড়িতে ডেকে নিয়ে যায় । সেদিন রাতে ওই যুবকের বাড়ির ছাদে মদের আসর বসেছিল । সেখানে তার আরও এক বন্ধু ছিল । অভিযোগ, মদ খাওয়ার পরে তারা চারজন একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে । গ্রামের কাছে একটি শিবমন্দিরের কাছে জঙ্গলে কিশোরীকে ওই দুই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ । এরপর সে অসুস্থ হয়ে পড়লে জঙ্গলের মধ্যে ফেলে পালিয়ে যায় দুই যুবক । মামার বাড়ির পাড়ার কিশোরীও সেখান থেকে বাড়ি চলে যায় । এদিকে গভীর রাত পর্যন্ত মেয়ের খোঁজ না পেয়ে রাতেই পরিবারের লোকেরা হাবড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন । থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । অন্য মেয়েটির সঙ্গে কথা বলে গভীর রাতে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ । সে অচেতন থাকায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ তদন্তে নেমে পলাতক দুই যুবককে গ্রেফতার করে । ধৃতদের একজনের বিরুদ্ধে অতীতে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে । এই বিষয়ে বারাসতের পদস্থ এক পুলিশ আধিকারিক জানান, নির্যাতিতা কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ চলছে । নির্যাতিতা হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে । নির্যাতিতার বাবা বলেন, “সরল বিশ্বাসে মেয়ে মামার বাড়ির পাড়ার বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিল । কিন্তু পরিণাম যে এত ভয়ঙ্কর হবে, কেউ ভাবতে পারিনি । অভিযুক্ত দুই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।”

