নিজেদের অন্যতম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগ হিসেবে ভারতের এসার গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে, যার মধ্যে আইওয়াতে ১৫ বিলিয়ন ডলারের একটি ইস্পাত কারখানা অন্তর্ভুক্ত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসের এক অনুষ্ঠানে আইওয়া প্রকল্পের এই ঘোষণা করেন। গ্রুপটির মালিক রুইয়া পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসার-এর মার্কিন সহযোগী প্রতিষ্ঠান মেসাবি মেটালিকস প্ল্যান্টটি নির্মাণ করবে। আশা করা হচ্ছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সমন্বিত ইস্পাত সরবরাহ শৃঙ্খলের অংশ হয়ে উঠবে, যার জন্য লৌহ আকরিক আসবে মিনেসোটায় অবস্থিত কোম্পানিটির কার্যক্রম থেকে। ট্রাম্প দাবি করেছেন, এটিই হবে আমেরিকার ইতিহাসে বৃহত্তম ইস্পাত কারখানা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মেসাবি মেটালিকস আইওয়া রাজ্যে আমেরিকার ইতিহাসে বৃহত্তম ইস্পাত কারখানা নির্মাণ করবে। এটি শুধু আমেরিকাতেই নয়, বরং সারা বিশ্বের অন্যতম বৃহত্তম ইস্পাত কারখানা হবে।” ২০৩০ সালে কারখানাটির উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং সম্পূর্ণ হলে এটি বছরে ১ কোটি টন ইস্পাত উৎপাদন করবে। হোয়াইট হাউস জানিয়েছে যে, ইস্পাত তৈরির পুরো প্রক্রিয়াটি মার্কিন যুক্তরাষ্ট্রেই সম্পন্ন হবে। মেসাবি মেটালিকসের চেয়ারম্যান রেভান্ত রুইয়া আমেরিকায় পণ্য উৎপাদনের গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, মার্কিন ইস্পাত শিল্প দ্রুত পুনরুদ্ধার হচ্ছে এবং এর কারণ হিসেবে তিনি গত বছর ইস্পাত আমদানির ওপর আরোপিত 50 শতাংশ শুল্ককে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, “সবাই এখানে তাদের কারখানা তারি করছে ৷ কারণ, তারা শুল্ক দিতে চায় না। এটা আসলে তেমন কঠিন কিছু নয়।” ট্রাম্পের এই ঘোষণার সময় হোয়াইট হাউসে ছিলেন আমেরিকার শক্তি এবং জ্বালানি দফতরের সচিব ক্রিস রাইট, বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের প্রধান জন জোভানভিক মতো উচ্চপদস্থ ব্যক্তিত্বরা। এই কারখানা তৈরি হলে, এটি বার্ষিক ১ কোটি টন (১০ মিলিয়ন টন) ইস্পাত উৎপাদন করবে। এই প্রকল্পের মাধ্যমে আইওয়াতে আনুমানিক ১৭৫০টি স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে। এসার গ্রুপ তাদের ইস্পাত কারখানা পরিচালনার কাঁচামাল লৌহ আকরিক সরবরাহের জন্য মিনেসোটায় একটি নতুন খনি নির্মাণ করেছে। এই খনিটি নির্মাণে কোম্পানিটি ২.৫ বিলিয়ন ডলার (প্রায় ২১০০০ কোটি টাকা) বিনিয়োগ করেছে। ১৯৬৯ সালে ভারতে দুই ভাই শশী রুইয়া এবং রবি রুইয়া এসার গ্রুপ প্রতিষ্ঠা করেন। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই গ্রুপ শক্তি ও খনি থেকে শুরু করে প্রযুক্তি ও খুচরো ব্যবসা পর্যন্ত বিভিন্ন খাতে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। এসার গ্রুপের মার্কিন সহযোগী প্রতিষ্ঠান, মেসাবি মেটালিকস, মিনেসোটার ন্যাশওয়াকে অবস্থিত এবং ২০০৭ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৭ সালে, এটি মিনেসোটা স্টিলকে অধিগ্রহণ করে, যার কাছে ১.৪ বিলিয়ন টনেরও বেশি লৌহ আকরিকের মজুদ ছিল। আমেরিকা ছাড়াও এসার গ্রুপ সৌদি আরবে একটি স্বল্প-কার্বন ইস্পাত কারখানা নির্মাণের পরিকল্পনা করছে।

