আসন্ন লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশনে মোদি সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস আইন বা ডিলিমিটেশন বিল (delimitation bill) ঘিরে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে। বিভিন্ন সূত্রের দাবি, বিরোধী জোটের অবস্থান থেকে সরে এসে শরদ পওয়ারের এনসিপির পর এবার তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকেও (DMK) শর্তসাপেক্ষে এই বিল সমর্থন করতে পারে। তামিলনাড়ুর রাজনৈতিক পটপরিবর্তন ও কংগ্রেসের সঙ্গে দূরত্বের কারণেই এম কে স্ট্যালিনের দল এমন অবস্থান নিতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মত। তবে আসন পুনর্বিন্যাসকে সমর্থনের ক্ষেত্রে ডিএমকে নেতৃত্ব নির্দিষ্ট শর্ত রাখছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রধান উদ্বেগ ছিল জনসংখ্যার অনুপাতের কারণে তাদের আসনসংখ্যা কমে যাওয়া বা উত্তরের রাজ্যগুলির তুলনায় কম প্রতিনিধিত্ব পাওয়া। বর্তমানে লোকসভায় তামিলনাড়ুর আসনের হার মোট সংখ্যার প্রায় ৭.২ শতাংশ। দলীয় সূত্রের দাবি, আসনসংখ্যা পুনর্নির্ধারণ হলেও যদি তামিলনাড়ুর এই ৭.২ শতাংশের অনুপাত বজায় রাখার লিখিত প্রতিশ্রুতি বিলে উল্লেখ থাকে, তবেই তারা সমর্থন বিবেচনা করবে। সংসদীয় অংকের ক্ষেত্রেও এই সম্ভাব্য সমর্থন তাৎপর্যপূর্ণ। এনডিএ সূত্রের দাবি অনুযায়ী, ৫৪০ সদস্যের লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬০টি ভোট, যেখানে এনডিএ-র বর্তমান সমর্থন প্রায় ৩১৯। শরদ পওয়ার শিবির ও ডিএমকে সমর্থন দিলে এই সংখ্যা ৩৪৯-এ পৌঁছাতে পারে। অন্যদিকে রাজ্যসভাতেও দুই-তৃতীয়াংশের প্রয়োজনীয় ১৬৩টি আসনের বিপরীতে শাসক শিবিরের শক্তি ১৫৫-তে থাকায় দক্ষিণের এই আঞ্চলিক দলের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
শর্তসাপেক্ষে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ইঙ্গিত ডিএমকের, সংসদে স্বস্তির মুখে মোদি সরকার



Leave a Reply