ফের দুর্ঘটনা, বালি বোঝাই লরি চাপা পড়ে মৃত দুই শিশু-সহ ৫। ঘটনাটি ঘটেছে, বুধবার ভোররাতে গলসির শিকারপুর এলাকায়। ঘটনার পরই উত্তেজিত জনতা বালি খাদানের অফিসে আগুন ধরিয়ে দেয়। সূত্রের খবর, এদিন বালি বোঝাই একটি লরি বাঁধ ধরে যাওয়ার সময় আচমকা একটি মাটির বাড়ির উপর পড়ে গেলে বাড়ির ভিতরে থাকা দুই শিশু-সহ ৫ জন বালি চাপা পড়ে প্রান হারায়। জখম হন এক যুবক। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে জখম ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা ৫ জনকেই মৃত বলে ঘোষণা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন সুচিত্রা মালিক, তাঁর মেয়ে দোলন মণ্ডল, জামাই বাপ্পা মণ্ডল এবং নাতনি নন্দিনী ও নাতি। ঘটনার পরেই এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। এবং ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বালি খাদানের অফিসে আগুন ধরিয়ে দেয় তাঁরা। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই লরির চালক। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।