কলকাতাঃ গতকালই রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটে কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ও পৌর কমিশনার বিনোদ কুমারকে রাজভবনে দেখা করতে বলেন । সেই টুইটের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, শুধু টুইটের উত্তরে কোথাও দেখা করতে যাবেন না । তবে পৌর কমিশনার বিনোদ কুমার রাজ্যপালের সঙ্গে দেখা করেন । ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যপালও দিলীপ ঘোষের ভাষায় একের পর এক টুইট করে চলেছেন ৷ রাজ্যপাল বিভাজনের রাজনীতি করছেন । উনি যদি নিরপেক্ষ ভাষায় কথা বলতেন তাহলে অবশ্যই দেখা করতে যেতাম । রাজ্যের এই কঠিন সময়ে আমরা রাজ্যপালের থেকে সহানুভূতি আশা করি । সেটা না করে তিনি বিরোধী দল বিজেপি-র মতো ভাষায় আক্রমণ করছেন । সেই কারণেই আমি ওনার সঙ্গে দেখা করতে চাইনি ৷ আমি ওনার সেক্রেটারিকে বিষয়টি জানিয়েছি । বিষয়টি খুবই দুঃখজনক । দেখা করতে যাওয়ার জন্য কখনই টুইট করে গণমাধ্যমকে জানানো ঠিক নয় । এটা রাজভবন নয় বিজেপি-র অফিস হয়ে দাঁড়িয়েছে ৷ আমি কখনই বিজেপি-র অফিসে যাব না ৷”