বৃষ্টি শেঠ, কলকাতা: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মন্ত্রী সুজিত বসু। গত ৩রা জুন রাজ্যের দমকলমন্ত্রী বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হন কোভিড আক্রান্ত হয়ে। তার আগে রিপোর্ট পজিটিভ এলেও বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও কমপক্ষে দু’সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে সুজিত বসুকে।সুজিতবাবুর বাড়ির এক পরিচারিকার প্রথমে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তারপর পরীক্ষা করে দেখা যায়, মন্ত্রী ও তাঁর স্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন। যদিও প্রথমে তাঁর কোনও উপসর্গ ছিল না। তাই হোম আইসোলেশনেই ছিলেন মন্ত্রী। এরপর সুজিতবাবুর জ্বর হলে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার সুস্থ হয়ে অবশেষে বাড়ি ফিরলেন রাজ্যের দমকলমন্ত্রী।

