বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে আগামী কয়েকদিন রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। ভালো বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তার অবস্থান অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল ঘেঁষে। এর ফলে ওড়িশা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন ভালো বৃষ্টি হওয়ার কথা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ওই নিম্নচাপের প্রভাব থাকবে এরাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। সেখানে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে, ওই নিম্নচাপ অঞ্চল লাগোয়া একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাটি ফিরোজপুর, দিল্লি হয়ে ওই নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই সবের কারণে গোটা রাজ্যেই বর্ষা সক্রিয় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে, দুই দিনাজপুর ও মালদা বাদে উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলায় কোথাও কোথাও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।