বিহারে নির্বাচনের প্রচারের জন্য একাধিক নির্দেশিকার কথা জানাল বিহার সরকার। এমনিতেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই একাধিক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এবার তাতে বিহার সরকারের নির্দেশিকাও যুক্ত হল। বলা হয়েছে, মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে তবেই প্রচারে অংশ নেওয়া যেতে পারে। কোনও মিছিলে ২০০ জনের বেশি থাকা যাবে না বলে জানানো হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে একগুচ্ছ নির্দেশিকা জানানো হয়েছে। বলা হয়েছে, সব ধরনের মিছিলেই ২০০ জনের বেশি থাকতে পারবে না। যারা থাকবে তাদেরও একে অপরের সঙ্গে ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। নেতারা একে অপরকে জড়িয়ে ধরা বা হাত মেলানো থেকে বিরত থাকবেন। কোনও জায়গায় মিছিল বা সভার আগে উদ্যোক্তাদের তরফে সেখানে স্যানিটাইজেশনের বন্দোবস্ত রাখতে হবে।