কোভিড পরিস্থিতির মধ্যে মন্ডপ করার জন্য ছাড়পত্র পেয়েছেন পুজো উদ্যোক্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্লাবকে ৫০ হাজার টাকা অনুদান, বিদ্যুত্ ছাড় দিয়েছেন। কোভিড পরিস্থিতিতে কিভাবে পুজো হবে তার গাইডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটি গুলির সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেছে কলকাতা পুলিশ। তৃতীয়া থেকেই মন্ডপ খুলছে। সমস্ত দিক খোলা রেখে প্যান্ডেল করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কারণে প্যান্ডেল ঘেরা থাকলে ছাদ খোলা থাকবে। বাঙালির আবেগ টানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আসরে নামানোর ভাবনা রাজ্য বিজেপির। রাজ্য বিজেপির বৈঠকে স্থির হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ষষ্ঠীতে বাঙালি এর উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।দুর্গাপূজার সময় রাজ্যের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর প্রস্তুতি নিয়েছে রাজ্য বিজেপি। তাই বাঙালির সেরা উত্সব দুর্গাপূজার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাঙালির উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাতে পারে রাজ্য বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

