বিজেপি বাদে যে কোনও দলের সঙ্গেই কাজ করতে তৈরি বামফ্রন্ট। তাই ২০২৪-এ বিজেপি-কে ঠেকাতে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গেও হাত মেলাতে তাঁদের আপত্তি নেই বলে এ বার জানিয়ে দিলেন বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাঁর বক্তব্য, ”বিজেপি ছাড়া অন্য যে কোনও দলের সঙ্গেই কাজ করতে প্রস্তুত আমরা।” তমলুকে সিপিএম নেতা নির্মল জানার স্মরণসভা ছিল। সেখানে ২০২৪-এ বিজেপি-বিরোধী জোটের প্রসঙ্গ উঠে এলে বিমান বলেন, ”একাধিক বার নয়, সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহু বার ঘটেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা হোক বা কচ্ছ থেকে কোহিমা, আন্দোলনের প্রশ্ন দেখা দিলে বিজেপি-বিরোধী সব শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা।”আসল ‘শত্রু’ চিনতে ভুল করেছিলেন। বিধানসভা নির্বাচনে শূন্য পেয়ে, তা হয়তো কিছুটা বুঝতে পেরেছিলেন। লোকসভা নির্বাচনে তার পুনরাবৃত্তি চান না সিপিএম নেতৃত্ব। যে কারণেই হয়তো এমন মন্তব্য বিমানের। বিজেপি-বিরোধী শক্তিগুলিকে একজোট করতে বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২১ জুলাই ‘শহিদ’ স্মরণ সভা থেকে প্রকাশ্যে বিজেপি-কে উত্‍খাত করার ডাক দেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলিকে একজোট গড়ার প্রক্রিয়া শুরু করে দিতে বলেন।