কলকাতা হাইকোর্টের নির্দেশে পুজোমণ্ডপ নো-এন্ট্রি। এই পরিস্থিতিতে এ বছর প্রতিমা দর্শনের জন্য পুজো পরিক্রমা বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। দশমীর দিন লঞ্চে করে গঙ্গাবক্ষে বিসর্জন দেখানোর ব্যবস্থাও থাকছে না। কারণ, গত বছর করোনাকালেও নিগম বাসে-ট্রামে কলকাতার ঠাকুর দেখানোর আয়োজন করলেও, যাত্রী না-পেয়ে মোটা টাকা লোকসান হয়েছে তাদের। লঞ্চে গঙ্গাবক্ষে বিসর্জন দেখানোর জন্য সব ব্যবস্থা করেও মিলেছিল মাত্র ২৫ শতাংশ যাত্রী। রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘অতিমারি চলছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে। মানুষের মধ্যেও এই পরিস্থিতিতে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখার আগ্রহ কম। তাই এ বার পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পুজো পরিক্রমা বন্ধ রাখা হচ্ছে।’

