পর পর দু’দিন ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সমন এড়িয়ে গেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এই নিয়ে মোট তিনবার এই কাজ করলেন বলিউডের শ্রীলঙ্কান অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ। সুকেশ চন্দ্রশেখর নামক জালিয়াতের ২০০ কোটি টাকা তছরুপের তদন্তে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিল ইডি।  সূত্রের খবর, জ্যাকলিন ইডির দপ্তরকে জানান, পেশাগত ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না। জিজ্ঞাসাবাদের তারিখ পিছিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে ফেলার অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু ইডি-র তরফে এই অনুরোধ রাখা সম্ভব হয়নি। আগামী সোমবার দিল্লির কার্যালয়ে ফের ডেকে পাঠানো হয়েছে জ্যাকলিনকে। প্রসঙ্গত, এই মামলায় আর এক অভিনেতা নোরা ফতেহিকেও সমন জারি করেছিল ইডি। 
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই দুই তারকার কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না তা-ই জানতে চাইছে ইডি। এর আগে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জ্যাকলিনের বয়ান একাধিকবার রেকর্ড করেছিল তদন্তকারী সংস্থাটি। সে সময় জ্যাকলিন বলেন, তিনি কোনও দোষ করেননি, বরং তাঁর সঙ্গে অন্যায় করেছে চন্দ্রশেখর।