সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করল সিআইডি। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর এদিন ভবানী ভবন থেকে বের হন বেলেঘাটার বিধায়ক। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, অভিষেকের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে সবরকম সাহায্য করেছেন। এদিকে প্রায় ৮ ঘণ্টা কেটে গিয়েছে এখনও ভবানী ভবনেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চলছে জিজ্ঞাসাবাদ। এই মামলায় গত বৃহস্পতিবারই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে বহু প্রশ্নের সদুত্তর অভিষেকের থেকে মেলেনি বলেই সূত্রের খবর। এরপরেই আজ, রবিবার ফের তাঁকে তলব করা হয়। দুপুর ১২ টার মধ্যেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও নির্ধারিত সময়ের অনেক আগেই এদিন ভবানী ভবনে পৌঁছে যান ‘যুবরাজ’। একাধিক নথি সামনে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। দুপুর সাড়ে তিনটের কিছু পরে ভবানী ভবন পৌঁছান কুণাল ঘোষ। সূত্রের খবর, প্রথমে আলাদা ভাবে দুজনকে জেরা করা হয়। এরপর অভিষেক এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জেরা করেন রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা।