ফেব্রুয়ারি-মার্চ মাসে গোয়ায় বিধানসভা ভোট হওয়ার কথা। তাঁর আগে গোয়ায় সংগঠন আরও শক্ত করতে কোনওরকম কসুর করছেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত বছরের শেষেই গোয়া সফর (Goa) সেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সময় নষ্ট করতে একেবারেই নারাজ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নতুন বছরে ফের গোয়া যাচ্ছেন তিনি। সূত্রের খবর, ৯ জানুয়ারি গোয়া রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । থাকবেন তিনদিন। গোয়া নির্বাচনকে যে কতটা গুরুত্ব দিচ্ছে তৃণমূল তা এর থেকেই স্পষ্ট। সূত্র অনুযায়ী এই সফরে, তৃণমূল ঘোষণা করতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচী। ইতিপূর্বে গোয়াবাসীর মন জয় করতে মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্পর ঘোষণা করে তৃণমূল। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী প্রকল্প’ চালুর প্রতিশ্রুতি দিয়েছে তারা। যেখানে মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতি মাসে ‘গৃহলক্ষ্মী কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার ফলে মহিলারা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। বছরে মোট ৬০ হাজার টাকা পাবেন মহিলারা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রায় সাড়ে তিন লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি তৃণমূলের।