বছরের শুরুতেই হাওয়া বদল ! তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন মৌসম নূর ৷ মালদার কংগ্রেস পরিবারের ঐতিহ্য বজায় রাখতে তিনি ও তাঁর তুতোভাই কোতওয়ালি পরিবারের আরেক সদস্য মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাই ঘাসফুল ছেড়ে হাত ধরলেন প্রয়াত কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর ভাগ্নি ৷ এদিকে রাজ্যসভায় তাঁর মেয়াদ ফুরচ্ছে এপ্রিলেই ৷ গত বছর দুর্গাপুজোর পর থেকে মালদার আকাশে-বাতাসে এই জল্পনা ছড়িয়ে পড়েছিল ৷ শনিবার সেই জল্পনায় সিলমোহর দিলেন গনিখান পরিবারের এই সদস্য ৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই বদল তৃণমূলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ ৷ কারণ, উত্তরের মালদা জেলা পুরোপুরি দখল করতে পারেনি তৃণমূল ৷ আসন্ন নির্বাচনে মালদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন 46 বছর বয়সি মৌসম ৷ 2019 সালে লোকসভা ভোটের আগে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা দেখভালের দায়িত্ব মৌসমের উপর সঁপেছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ উল্লেখ্য, ওই বছর 29 জানুয়ারি তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম বেনজীর নূর ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ৷ তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মৌসম তখন বলেছিলেন, “19 জানুয়ারির ব্রিগেডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা বোঝা যায় ৷” মালদার বিখ্যাত কংগ্রেস পরিবারের এই সদস্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ এরপর গত প্রায় সাত বছরে ভাগীরথী দিয়ে অনেক জলই বয়ে গিয়েছে ৷ তৃণমূলে যোগ দেওয়ার পর জেলার তৃণমূল সভানেত্রী হিসাবে কাজ করেছিলেন মৌসম ৷ কিন্তু বরকত গনি খান, আবু নাসের ও আবু হাসেম খানের পরিবারের এই সদস্যের তৃণমূলে যোগদান মেনে নিতে পারেনি মালদা জেলার মানুষ ৷ সেবার লোকসভা নির্বাচনে কোতোয়ালি পরিবারের শক্তিশালী ঘাঁটি মালদা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হেরে যান মৌসম ৷ মালদা উত্তরে প্রথম পদ্মফুল ফোটে ৷ এদিকে মৌসমের আমলে 2021 সালে বিধানসভা নির্বাচনে মালদায় প্রথম জয়ের মুখ দেখে ঘাসফুল ৷ মালদা উত্তর লোকসভায় বিজেপি সাংসদ খগেন মুর্মু আর মালদা দক্ষিণে কংগ্রেসের সাংসদ ইশা খান চৌধুরী ৷ তাই এবারের বিধানসভা নির্বাচনের আগে মালদার কিছু অংশের দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছিলেন দলের রাজ্যসভার সাংসদ মৌসম নূরকে ৷ 2008 সালে রাজনীতিতে প্রবেশ মৌসমের ৷