বছর শেষে বঙ্গজুড়ে শীতের দাপট ! উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঠান্ডায় কাবু সকলে ৷ এই আবহে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং দুই ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের ৮টি জেলায় থাকবে কুয়াশার দাপট । দৃশ্যমানতা কমতে পারে ২০০ মিটারের নীচে ৷ নতুন বছর শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি ৷ বর্ষশেষের সপ্তাহে জাঁকিয়ে শীত ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা অল্প হলেও স্বাভাবিকের থেকে বাড়বে । গত ৩ দিন দক্ষিণবঙ্গে পারদ ১২-১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে । রবিবার তা ১৪ ডিগ্রির ঘরে পৌঁছয়, স্বাভাবিকের থেকে যা সামান্য বেশি । দক্ষিণবঙ্গে আপাতত এমনই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ পরিষ্কার থাকবে । সঙ্গে থাকবে কুয়াশার দাপট । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২২ এবং ১৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গের তাপমাত্রার বৃদ্ধি পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে । তবে, শীতের আমেজ থাকবে যথেষ্ট । যদিও বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ নতুন বছরের শুরুতে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা । গাঙ্গেয় বঙ্গের তুলনায় পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব থাকবে তুলনামূলক বেশি । আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । সেই সঙ্গে চলবে কুয়াশার দাপট ৷ দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে আসার সম্ভাবনা তৈরি হওয়ায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । রবিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল বাঁকুড়া ৷ জেলার তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস । উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় উল্টো । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে । সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গের উপরের ৫টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । রবিবার উত্তরবঙ্গের সমতলে শীতলতম স্থান ছিল আলিপুরদুয়ার ৷ এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছিল । দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে । নতুন বছরের প্রথম দু’দিনেও তুষারপাত বা বৃষ্টি হতে পারে শৈলশহরে । সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট ৷ সুতরাং, নতুন বছর শুরুর আগে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের দাপট চলবে ।

