অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল বীরভূম জেলা আদালত ৷ আর তার পরই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট । 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে অনুব্রত-সহ 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করেছিলেন শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ী । অভিযোগ, তাঁর ইটভাটা থেকে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়েছিল বীরভূমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতার নির্দেশে ৷ এই মামলায় সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রতর আইনজীবী । মামলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, “379-সহ একাধিক ধারায় মামলা হয়েছে । এই মামলায় অনুব্রত মণ্ডল-সহ 13 জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক ৷” সিউড়ি জেলা আদালতে জামিনের আবেদন খারিজ হতেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির আশঙ্কা তৈরি হয় । তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের কেষ্ট ৷