আরাবল্লী পর্বতমালায় খনন নিয়ে নতুন করে অস্বস্তি বাড়ল মোদি সরকারের। এবার পরিবেশ কর্মী হিতেন্দ্র গান্ধী প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি লিখে সুপ্রিম কোর্টের আরাবল্লী খনন সংক্রান্ত নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানালেন। একই চিঠি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও পাঠিয়েছেন ওই সমাজকর্মী। সম্প্রতি এই বিষয়ে সুপ্রিম রায়ে বলা হয়, আরাবল্লী পাহাড়ের ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশপাশের ঢাল, সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। যার অর্থ এটাই যে ১০০ মিটারের কম পাহাড়গুলির সংরক্ষণের আওতায় থাকবে না। অথচ আরাবল্লীর ৯০ শতাংশ পাহাড়ের উচ্চতা ১০০ মিটারের নিচে। প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে পাহাড়ের উচ্চতা ভিত্তিক রায় নিয়ে প্রশ্ন তুলেছেন হিতেন্দ্র গান্ধী। তাঁর বক্তব্য, আরাবল্লীর উচ্চতা-ভিত্তিক মানদণ্ড উত্তর-পশ্চিম ভারতের পরিবেশের সুরক্ষাকে অনিচ্ছাকৃতভাবে দুর্বল করে দিতে পারে। ‘আরাবল্লী পশ্চিম ভারতের প্রাকৃতিক ঢাল’, ২০ নভেম্বরের রায়ের সময় সুপ্রিম কোর্টের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করেন পরিবেশ কর্মী। কিন্তু ১০০ মিটার উচ্চতার নিরিখে খননের অনুমতি নিয়ে আপত্তি তুলেছেন হিতেন্দ্র। তিনি বলেন, আরাবল্লীর সম্পূর্ণ অংশই পশ্চিম ভারতের প্রাকৃতিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।