ফের শ্যুট আউট আসানসোলে! এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। বরাত জোরে বেঁচে যান স্থানীয় ব্যবসায়ী দীনেশ গড়াই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ১৯ নম্বর জাতীয় সড়কে আসানসোল উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মোড়ে দীনেশ গড়াই নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হল। যদিও বরাত জোরে তিনি রক্ষা পান। গুলি লাগে তাঁর গাড়িতে। ব্যবসায়িক শত্রুতার জেরেই তাঁর উপর দুষ্কৃতী হামলা হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার দুপুরে আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ধাবাতে খাবার নিতে দাঁড়িয়ে ছিলেন দীনেশ গড়াই। খাবার নিয়ে গাড়িতে করে বেরোনোর সময় জাতীয় সড়কের উপরে তাঁর গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। তাঁর অভিযোগ, বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু গুলি লাগেনি তাঁর গায়ে। তাঁর গাড়িতে একটি গুলি লেগেছে। কী কারনে এই ঘটনা তা তিনি জানাতে পারেননি। এমনকি, দুষ্কৃতীদেরও তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন।

